সিনেব্রিজের আত্মপ্রকাশ - Bengal News Room
 
পূর্ব ভারতের চলচ্চিত্র জগতে এক  নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আগামী জানুয়ারিতে, কলকাতায় প্রথমবারের মতো আত্মপ্রকাশ করতে চলেছে CineBridge—এক অভিনব উদ্যোগ, যা ইন্ডিপেন্ডেন্ট  চলচ্চিত্র নির্মাতাদের জন্য হতে চলেছে এক নতুন দিগন্ত। আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (IKSFF) ২০২৬-এর এক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শুরু হতে চলা CineBridge —এটি এমন এক প্ল্যাটফর্ম, যেখানে অজানা গল্পরা খুঁজে পাবে নতুন দরজা।
এই প্রথমবার, কলকাতা তথা পূর্ব ভারতের স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা পাবেন একটি নির্দিষ্ট পরিসর, যেখানে তারা সরাসরি প্রযোজক, বিনিয়োগকারী, ওটিটি প্রতিনিধিদের এবং বিভিন্ন প্রোডাকশন হাউসের সঙ্গে যুক্ত হতে পারবেন। এটি শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়—বরং এটি একটি লক্ষ্য নির্ভর ইকোসিস্টেম, যা উদীয়মান গল্পকারদের শিল্প জগতের মূল অংশীদারদের সঙ্গে সংযুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Submit. Pitch. Connect. Create.—এই মূলমন্ত্রে এগোবে CineBridge।

IKSFF -এর পক্ষ থেকে গর্বের সঙ্গে উপস্থাপিত CineBridge-এর মূল উদ্দেশ্য হল সৃজনশীল সহযোগিতাকে উৎসাহিত করা এবং তার গতিকে ত্বরান্বিত করা। নতুন কোনো ভাবনা উপস্থাপন করা হোক বা সম্পূর্ণ হওয়া কোনো চলচ্চিত্র বিক্রির সুযোগ—CineBridge সেই সম্ভাবনার পথ খুলে দিচ্ছে, যেখানে নির্মাতারা সরাসরি কথা বলতে পারবেন সিদ্ধান্তগ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে।
“CineBridge আমাদের স্বাভাবিক অগ্রগতি,” জানান IKSFF-এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। “আমরা যে অসাধারণ চলচ্চিত্র ও নির্মাতাদের সঙ্গে এত বছর কাজ করেছি, তাদের প্রতিভা দেখেই মনে হয়েছে—এবার সময় এসেছে শুধু স্ক্রীনিং-এর বাইরে কিছু করবার। CineBridge হল সেই উদ্যোগ, যা স্বপ্নকে বাস্তব প্রজেক্টে পরিণত করার জন্য তৈরি হয়েছে।”

প্রোডাকশন হাউস হোক বা নতুন কনসেপ্ট খুঁজছে এমন ওটিটি প্ল্যাটফর্ম, CineBridge হতে চলেছে পূর্ব ভারতের উদীয়মান চলচ্চিত্র পরিসরের এক উজ্জ্বল প্রবেশদ্বার। পিচ সেশন, নেটওয়ার্কিং ফোরাম ও প্রদর্শনীর মাধ্যমে এই উদ্যোগে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে অর্থবহ যোগাযোগ স্থাপন করতে পারবেন।

ইতিমধ্যেই মুম্বাই থেকে Little Lamb Production, EON Films-সহ একাধিক প্রোডাকশন হাউস CineBridge-এ অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি, বহু নামী ওটিটি প্ল্যাটফর্ম ও কলকাতা ভিত্তিক প্রোডাকশন হাউসরাও এই উদ্যোগে যোগ দেওয়ার কথা জানিয়েছে, যা এই অভিনব উদ্যোগের প্রতি আস্থারই প্রতিফলন।

CineBridge-এর বিশেষত্ব শুধু তার কার্যকারিতায় নয়—তার ভিত্তিও অত্যন্ত শক্তিশালী। এটি শুরু হতে চলেছে ভারতের অন্যতম অন্তর্ভুক্তিমূলক এবং গতিশীল উৎসব আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (IKSFF)-এর হাত ধরে।

২০২০ সালে শুরু হওয়া IKSFF আজ পূর্ব ভারতের সবচেয়ে বড় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে পরিণত হয়েছে। প্রতি বছর সারা বিশ্ব থেকে শত শত শর্ট ফিল্ম জমা পড়ে এখানে, যা বিভিন্ন সংস্কৃতি, ভাষা ও ভাবনার বৈচিত্র্যকে উদযাপন করে। উৎসবটির অনন্য হাইব্রিড মডেল—অনলাইন স্ক্রীনিং-এর পাশাপাশি অফলাইন ইভেন্ট, মাস্টারক্লাস ও সেমিনার—তরুণ নির্মাতাদের কাছে এক আলোচিত গন্তব্যে পরিণত হয়েছে।

সৌরভ চক্রবর্তী ও শাশ্বতী গুহ চক্রবর্তী—এই দম্পতি সম্পূর্ণ আলাদা পেশাগত ক্ষেত্র থেকে এলেও, শুধুমাত্র সিনেমার প্রতি গভীর ভালবাসা থেকেই গত পাঁচ বছর ধরে IKSFF-কে এক প্রাণবন্ত মঞ্চে পরিণত করেছেন। তাঁদের সম্মিলিত দৃষ্টি ও অক্লান্ত পরিশ্রমেই IKSFF আজ দেশের অন্যতম আলোচিত শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে উঠেছে, যেখানে উদীয়মান নির্মাতারা খুঁজে পান একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।

IKSFF প্রতিবারই জাতীয় ও আন্তর্জাতিক বহু বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সমৃদ্ধ হয়েছে। অতীতের কিছু উল্লেখযোগ্য অতিথির মধ্যে রয়েছেন ডঃ মোহন আগাসে, মুনমুন সেন, বরুণ চন্দ, পরাণ বন্দ্যোপাধ্যায়, ফাল্গুনী চ্যাটার্জি, জয়া শীল ঘোষ, পণ্ডিত বিক্রম ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, বৌদ্ধায়ন মুখার্জি এবং আরও অনেকে।

CineBridge-এর সূচনা তাই IKSFF-এর এক স্বাভাবিক, তবে দূরদর্শী সম্প্রসারণ।
“আমাদের দৃষ্টিভঙ্গি সবসময়ই ছিল শুধুমাত্র চলচ্চিত্র প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ না থেকে, নির্মাতার সম্পূর্ণ যাত্রাটিকে সমর্থন করা,” জানান IKSFF-এর ফেস্টিভ্যাল ডিরেক্টর শাশ্বতী  গুহ চক্রবর্তী। “CineBridge সেই পরবর্তী ধাপ—এটি নির্মাতাদের হাতে তুলে দিচ্ছে সেই সরঞ্জাম, সেই অ্যাক্সেস, সেই নেটওয়ার্ক, যা তাদেরকে আত্মবিশ্বাসের সঙ্গে এগোতে সাহায্য করবে।”

IKSFF ২০২৬ অনুষ্ঠিত হবে ২০ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত। উৎসবের অনলাইন স্ক্রীনিং চলবে ২০ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত উৎসবের ডিজিটাল প্ল্যাটফর্ম www.efilmzone.com-এ। অফলাইন অংশটি অনুষ্ঠিত হবে কলকাতার একাধিক স্থানে, যার মধ্যে রয়েছে অ্যাডামাস ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি , রোটারি সদন, প্রভৃতি। ২৫ জানুয়ারি রোটারি সদনে অনুষ্ঠিত হবে সমাপ্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।

CineBridge অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি ২০২৬-এ, রোটারি সদনে—IKSFF ২০২৬-এর অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এই ইন্ডাস্ট্রি-ইন্টারঅ্যাকশন প্ল্যাটফর্ম। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা মহলে CineBridge আলোড়ন তুলেছে। অনেক তরুণ নির্মাতা তাদের গল্প, ভাবনা ও স্বপ্ন নিয়ে CineBridge-এ অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন।

চলচ্চিত্র ও শিল্পচর্চার শহর কলকাতায় CineBridge হয়ে উঠতে চলেছে এক রূপান্তরকারী মঞ্চ—যেখানে গল্প পাবে গঠন, আর ভাবনা পাবে বিনিয়োগ। IKSFF ২০২৬-এর আলো যখন জ্বলবে, CineBridge নিঃসন্দেহে হবে তার অন্যতম উজ্জ্বল প্রোজ্জ্বলতা—যা নিয়ে আসবে সহযোগিতা, সৃজনশীলতা ও সম্ভাবনার এক নতুন যুগ।

No comments:

Post a Comment

Pages